মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী এক বাসের পেছনে অপর বাসের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকার উত্তরা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন দ্রুতগতিতে এসে ঢাকা থেকে ছেড়ে আসা রাইদা পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গোল্ডেন লাইন পরিবহনের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়ে যান।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে ফরিদপুর জেলার নাহিদ হক মেহেদী (১৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়া আহতদের অধিকাংশই চুয়াডাঙ্গা, মেহেরপুর ও গাংনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ জানান, দুর্ঘটনার পর বাসের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েছিলেন।
তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েই নিজ নিজ গন্তব্যে রওনা হওয়ার চেষ্টা করছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর মাওয়ামুখী সমষপুর ব্রিজের আগে দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহনকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় গোল্ডেন লাইন পরিবহন।
এতে অন্তত একজন আহত হন এবং বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।