
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু এলাকা এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (২৪ মে ২০২৬) তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, সার্ভিস লেন এবং বাস স্টপেজসমূহে যাত্রীসেবার মান ও যানবাহন চলাচলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনে শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম চলমান দেখা যায়।
এছাড়াও, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা সরেজমিনে যাচাই করা হয়। এসময় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাতায়াত পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যবৃন্দ, হাইওয়ে পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরিবহন চালক ও শ্রমিকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর নির্দেশনা প্রদান করা হয়।
একইসাথে সড়কে যানজট ও জনভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।