মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (১০)।
সোমবার (১৯ জানুয়ারী) সকালে দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। সে পেশায় দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার পর হতে নিহতের স্বামী পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান ৪ মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার সকালে ওই বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।