নিজস্ব প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুচর বাজার পশুর হাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বসতে যাওয়া পশুর হাট পরিচালনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আহতদের মধ্যে বাউল গ্রুপের শহীদ বাউল, আরিফ হোসেন, ওছমান গনি ও ফারুক মুন্সি রয়েছেন। অপরদিকে সরকার গ্রুপের শাকিল সরকার, সিপন সরকার, সামিম সরকার, হৃদয় সরকার, শরিফ সরকার, আসফাক সরকার, আসলাম সরকার ও রাজু সরকার আহত হন। স্থানীয়দের দাবি, কয়েকজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, আগামী ২৩ ও ২৬ মে বালুচর বাজারে পশুর হাট বসার কথা রয়েছে। হাটটির ইজারা পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। হাট পরিচালনার দায়িত্বে ছিলেন মোক্তার হোসেন ও শহীদ বাউল। ইজারা ও পরিচালনা নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলান হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।