মুন্সিগঞ্জে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রতিরোধে রাজপথে বিএনপি্
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ |
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর (ছাত্রলীগ, যুবলীগ) প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রচেষ্টাকে প্রতিহত করতে মুন্সিগঞ্জে কঠোর অবস্থানে ছিল জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের সমবেত হওয়ার খবর পেয়ে জেলা ও সদর থানা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য দিনভর রাজপথে সজাগ দৃষ্টি রাখেন তারা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন। এছাড়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন ঢালী, সদস্য সচিব জনাব শামীম ওসমান ভূইয়া এবং যুগ্ম আহবায়ক শাহিন মোল্লা, আনিসুর রহমান ও রানা দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়নের পেরু ভূইয়া ও মিশু, আধারা ইউনিয়নের খায়ের উদ্দিন দেওয়ান ও বাদশা খান, এবং শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পলাশ আহমেদ বাবু ও ওয়াসিম সরদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সরেজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথ দখলে রাখেন। নেতাকর্মীরা দৃঢ় কণ্ঠে জানান, কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনের কাউকে রাজপথে জনসমাবেশ বা শোডাউন করতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দিনভর অত্যন্ত তৎপর ছিলেন।