
মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুর এলাকায় নারায়ণগঞ্জগামী নির্মাণাধীন টোল প্লাজার পাওয়ার হাউজের পেছনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আশরাফুল আলম (৩৪), পিতা আব্দুল আলীম বেপারী, সাং মুক্তারপুর গোসাইবাড়ি এবং মো. লিখন (২২), পিতা জবুর হোসেন, একই এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় আশরাফুল আলমের কাছ থেকে ১০০ পিস এবং লিখনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আহ্বান:
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।”