নিজস্ব প্রতিনিধি
শীতের তীব্রতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে মধ্যরাতে কম্বল বিতরণ করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট ও সিপাহিপাড়া এলাকায় শীতার্ত দরিদ্র, অসহায়, বয়স্ক ও ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।