প্রতিনিধি গজারিয়া (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭২)-এর ওপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গজারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈমের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একটি কুচক্রী মহল পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সিরাজুল ইসলাম পিন্টু, সদস্য সচিব আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু, মো. মাহবুব আলম খান, আব্দুস সাত্তার ঢালী ও আব্দুল গাফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয় ।
নজরুল ইসলাম শেখ । তাং ১১--৪--২৬ ইং ।