লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের মিরকাদিমে ক্রীড়া ও সামাজিক সংগঠন নগর কসবা স্পোর্টিং ক্লাবের সদস্যদের বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের সুযোগ করে দিতে একটি প্রজেক্টর উপহার প্রদান করেছেন মোঃ মাসুদুর রহমান।
গত ১৩ জুন ২০২৬ তারিখে ক্লাবটি পরিদর্শন শেষে মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান আনুষ্ঠানিকভাবে ক্লাবের সদস্যদের হাতে প্রজেক্টরটি তুলে দেন।
এ সময় তিনি বলেন, যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্লাবের সদস্যরা এ ধরনের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমেও এটি ব্যবহার করা হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলামুখী করে তুলতে এবং সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।