গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গজারিয়ায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে উপজেলার সব বিদ্যালয়ে,শিক্ষাবর্ষের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ঝকঝকে চাররঙা নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে। নতুন পাঠ্যবই বুকে নিয়ে শিশুদের প্রাণখোলা হাসি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) শিক্ষা বছরের প্রথম দিন উপজেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পেয়েছে ৭০শতাংশ বই।
উপজেলার কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে বই নিতে। উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলা স:প্রা: বিদ্যালয়ে শিক্ষার্থী রুবিনা আক্তার উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আজ নতুন বই হাতে পাব এই আনন্দে ভোর বেলাতেই ঘুম থেকে উঠে গিয়েছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৭কিন্ডার গার্টেন স্কুলের মধ্যে প্রায় ২১৪০০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৭০শতাংশ বই দেওয়া হয়েছে। বিষয়টা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাকির হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান বলেন,তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আমরা আনুষ্ঠানিক ভাবে কোন উৎসব করি নাই,তবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনই নির্বিঘ্নে বই তুলে দেওয়া হয়েছে।