
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রমের কৌশল তুলে ধরা হয়।
মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও নৌদুর্ঘটনায় কীভাবে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে হয়, তা বাস্তবভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়। এ সময় দুর্যোগের ঝুঁকি কমানো, দুর্ঘটনার মুহূর্তে করণীয় এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে থাকার বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে পরিস্থিতি অনুযায়ী নিরাপদ পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক নাগরিকের সচেতনতা ও প্রস্তুতি থাকা প্রয়োজন। যথাযথ প্রশিক্ষণ, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
মহড়ার অংশ হিসেবে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পেতে এ নম্বরে যোগাযোগের বিষয়েও উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়।
এ বছরের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।” প্রতিপাদ্যের আলোকে দুর্যোগ মোকাবিলায় পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা এবং প্রস্তুতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মবিনুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।