
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর ব্রিজের ওপর বিকল হয়ে পড়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি কাভার্ড ভ্যান।
এতে পিকআপ ভ্যানে থাকা দুইজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টা ৪৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে বরিশালের মুলাদী উপজেলার চর মুনায় পীরের বাড়ির উদ্দেশ্যে মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-১৯১৭) যাচ্ছিল।
পথে সমষপুর ব্রিজের ওপর পিকআপটির চাকা ব্লাস্ট হয়ে সেটি বিকল হয়ে পড়ে। এ সময় একই দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন বরিশালের মুলাদী এলাকার মোজাম্মেল হোসেন (৬০), পিতা আবুল হোসেন এবং নারায়ণগঞ্জের ফতুল্লার শফিউল্লাহ (৪০), পিতা জাকারিয়া।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন অনুসরণের আহ্বান জানানো হয়েছে।