মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের চরাঞ্চলে পদ্মা নদীর তীরে সেতু নির্মাণ, চরাঞ্চলের প্রান্তে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সড়কগুলো পিচঢালাই এবং বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনের কারণে দিঘিরপাড়ের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কে বসবাস করছে। বর্ষা মৌসুম এলেই নদীভাঙনের ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে জনপদ ও ফসলি জমি রক্ষার দাবি জানান তারা।
এছাড়া চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে নদীর ওপর একটি সেতু নির্মাণ, এলাকার কাঁচা ও ভাঙাচোরা সড়কগুলো পিচঢালাই এবং দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে দিঘিরপাড় ইউনিয়নের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।
স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।