
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে স্থাপিত ড্রেজারের পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানস্থলগুলোর মধ্যে ছিল ন্যাশনাল কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকা, কান্দাপাড়া সাকিনের কুন্ডেরবাজার ব্রিজের দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী এবং রান্ধুনীবাড়ি সাকিনের বেতকা-কুন্ডেরবাজার সড়ক সংলগ্ন এলাকা।
অভিযানে নেতৃত্ব দেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। এ সময় ঘটনাস্থলে ড্রেজারের সঙ্গে সংযুক্ত পাইপলাইন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। তবে অবৈধভাবে ড্রেজার লাইন স্থাপন করে বালু দিয়ে জমি ভরাটের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
পরে ঘটনাস্থলে স্থাপিত পাইপলাইন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।