মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬৪)-কে। চিকিৎসা শেষে সোমবার দুপুরে তাঁকে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় পাঁচ মাস আগে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তিনি আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। রোববার রাত থেকে অসুস্থ বোধ করায় সোমবার ভোরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে ভর্তি করার প্রয়োজন হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরের দিকে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। বেলা ১টার দিকে তিনি কারাগারে পৌঁছান।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি কিডনিসংক্রান্ত সমস্যাতেও ভুগছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয় এবং সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন। বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন