গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল চারটায় "বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই" স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া-২০০৩ এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২১ সালে সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে আদালতের এক রায়ের পর বাউশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে ইউনিয়নের বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগ এবং জনপ্রতিনিধি নির্বাচনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, সীমানা জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি মহল দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রেখেছে। তারা দ্রুত সীমানা-সংক্রান্ত জটিলতার সমাধান করে দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের মতো বাউশিয়া ইউনিয়ন পরিষদেও নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটগ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্বপ্নচূড়া-২০০৩-এর সভাপতি মাহাদি ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত আলী তাতী। বিশেষ আলোচক ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টার, হাফেজ আহমদের প্রধান।
" বাউসিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই " আলোচনা সভায় বক্তব্য দেন গজারিয়া উপজেলা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদান কারী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার হাসান জাহাঙ্গীর । জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিলেন সরকার যুবদল নেতা শাহ আলী, বাউশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব মিয়া, যুব নেতা আরিফ প্রধান, ফায়ার সার্ভিস অবঃ কর্মকর্তা ইব্রাহিম এবং অবঃ নৌবাহিনীর কর্মকর্তা আবু ছালেহ। গণঅধিকার পরিষদের সি.সহ-সভাপতি আবু তাহের।
সভায় বক্তারা যথা সময়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।