মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় গণধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেওয়া গৃহবধূ হালিমার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পৈত্রিক বাড়িতে যান সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
সোমবার (১ জুন) বিকেল ৫টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় হালিমার বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ডা. হামিদা মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহাবুল আলম খান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা মমিন মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিবারের সদস্যদের উদ্দেশে কামরুজ্জামান রতন বলেন, “এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা ইতোমধ্যে জবানবন্দি দিয়েছে। রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। আমরা এ বিষয়ে সজাগ রয়েছি এবং অপরাধীরা যেন সর্বোচ্চ শাস্তি পায় সে বিষয়ে নজর রাখবো।”
পরে হালিমার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের জন্য পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।