প্রতিনিধি গজারিয়া ঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক সেবনের টাকার জন্য মাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষী এলাকার বাসিন্দা মোসা. মনু বেগম তার ছেলে হাসান মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত হাসান মিয়া তার আপন ছেলে। সে মাদকের সঙ্গে জড়িত এবং মাদকের টাকা জোগাড়ের জন্য প্রায়ই বাড়ির বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে হাসান মিয়া নিজ বাড়িতে এসে মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সে তার মাকে এলোপাতাড়ি মারধর করে। এতে মনু বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম হয়। পরে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগী মনু বেগম অভিযোগে আরও জানান, ঘটনার পর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে গেলে অভিযুক্ত তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।