নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গজারিয়া উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে হাফছা নাদিয়া, জেলা খাদ্য কর্মকর্তা লিটন কুমার প্রামাণিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কম দামে চাল ও আটা কেনার সুযোগ তৈরি হবে।
জানা গেছে, গজারিয়া উপজেলার ৬টি কেন্দ্রে ৮টি ডিলার পয়েন্টের মাধ্যমে সরকারি ছুটির দিন ছাড়া প্রতি সপ্তাহে ৫ দিন ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। একজন উপকারভোগী সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।
ওএমএস কার্যক্রমে প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ২৪ টাকা। প্রতিদিন একজন ডিলার ১ টন চাল ও ১ টন আটা বিক্রি করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজারমূল্যের তুলনায় সাশ্রয়ী দামে খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।