গজারিয়া(মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া এলাকায় একটি মৎস্য প্রজেক্টে রহস্যজনকভাবে বিষ প্রয়োগ করে লাক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে । দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা মাছের ঘের মুহূর্তেই ধ্বংস হয়ে গেলো ।
প্রজেক্টের মালিক সিয়াম (২৫) জানান—প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ঘেরে ছাড়া হয়েছিলো কিছু মাছ বিক্রি হয়েছিলো। হঠাৎ এধরণের ঘটনায় আমি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে গেলাম ।
সিয়াম ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন,“বুঝতেই পারছি না কে বা কারা এমন কাজ করল। সাত / আট মাসের শ্রম সব শেষ।
স্থানীয়রা জানান, ভোরে ঘেরে মৃত মাছ ভেসে উঠতে দেখেই বিষয়টি প্রকাশ পায়। ঘটনার পর এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিহিংসা বা শত্রুতার জেরে এ ঘটনার ঘটেছে কিনা—তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।
এলাকা সূত্রে জানা যায়, বড় রায়পাড়ার এই মৎস্য প্রজেক্টটিতে নিয়মিত খাওয়ানো, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা হতো। কিন্তু ঘটনাস্থলে মাছ মরে ভেসে ওঠার ধরন দেখে স্থানীয়দের ধারণা, ঘেরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে সিয়াম দ্রুত প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ও ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঘটনার তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত যুবক সিয়ামসহ স্থানীয়রা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম জানান এরকম ঘটনা ঘটেছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।