
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় সুতার কারখানার সামনে ইমরান হোসেন (৪৮) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ব্যবহৃত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইমরানের বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫১) মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতে নিজেদের সুতার কারখানা দেখতে গিয়ে কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন ইমরান। তাঁদের অবস্থানের কারণ জানতে চাইলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, দুই হাত, কাঁধ ও পায়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে ইমরানের কাছ থেকে স্মার্টফোনটি নিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শরীরের বিভিন্ন স্থানে সেলাই ও ব্যান্ডেজ করে চিকিৎসা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।