প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ১১:৩১ এ.এম
এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
এসএসসি-৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘হৃদয়ের বন্ধন’-এর মহামিলনমেলা। পুরোনো দিনের স্মৃতিচারণ, গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক বন্ধু অংশ নেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার রমনার বটমূলে একটি রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন বন্ধুরা। সকাল ৯টায় নিবন্ধন ও টি-শার্ট বিতরণ শুরু হয়। পরে টি-শার্ট পরে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন তাঁরা। সকাল ১০টায় নাশতা পরিবেশনের পর পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়।
এ পর্বে বন্ধুরা স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। দীর্ঘ ৩০ বছর পর একত্রিত হয়ে তাঁরা ফিরে যান কৈশোরের সোনালি দিনগুলোতে। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দুপুরে নামাজ ও খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধুরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
সন্ধ্যার পর শুরু হয় ডিজে পার্টি। গান ও নাচে মেতে ওঠেন বন্ধুরা। রমনা পার্কে ঘুরতে আসা অনেক দর্শনার্থীও এ আয়োজন উপভোগ করেন। রাত ১০টা পর্যন্ত চলে আনন্দ-উল্লাস। পরে র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। র্যাফেল ড্রতে গাজীপুরের এক নারী বন্ধুসহ বিজয়ীরা বিভিন্ন পুরস্কার পান। পুরস্কারের মধ্যে ছিল ৪৩ ইঞ্চি সনি প্লাস এলইডি টেলিভিশনসহ একাধিক উপহার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টঙ্গীবাড়ীর বন্ধু মো. ফারুক হোসেন, পল্টনের বন্ধু তারেক, মাগুরার বন্ধু মেহেদী এবং চাঁদপুরের বন্ধু মুসা।
মিলনমেলায় অনুভূতি প্রকাশ করে ঢাকার মুগদার বন্ধু আব্দুর রাজ্জাক বলেন, “চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে। মনে হচ্ছে, আমরা আবার সেই ১৪-১৫ বছরের স্কুলজীবনে ফিরে গিয়েছি।”
চট্টগ্রামের বন্ধু মো. সাইদুর রহমান সাইদ বলেন, বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে তাঁর খুব ভালো লেগেছে। এত দূর থেকে আসা সার্থক হয়েছে বলেও জানান তিনি।
শরীয়তপুর থেকে আসা জিল্লুর রহমান বলেন, এখানে না এলে এত বন্ধুর সঙ্গে দেখা ও পরিচিত হওয়ার সুযোগ হতো না। কর্মব্যস্ত জীবনে দিনটি তাঁর কাছে ব্যতিক্রমী।
ঢাকার শাহজাহানপুরের বন্ধু মনির হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়ে খুব ভালো লাগছে। তবে আবার কবে সবার সঙ্গে দেখা হবে, তা তিনি জানেন না।
মুন্সীগঞ্জ থেকে আসা বন্ধু মো. জিয়াউর রহমান কবিতার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। ‘হৃদয়ের বন্ধন-৯৬’ শিরোনামের কবিতায় তিনি তুলে ধরেন বন্ধুত্ব, স্কুলজীবনের স্মৃতি ও মধ্যবয়সেও কৈশোরের মতো আনন্দে মেতে ওঠার অনুভূতি।
আয়োজনে অংশ নেওয়া বন্ধুদের মতে, এ মহামিলনমেলা শুধু পুনর্মিলনী নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলার একটি উপলক্ষ। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।
Copyright © 2026 দৈনিক নাগরিক বাণী. All rights reserved.