উত্তম চক্রবর্তী,যশোর প্রতিনিধি ।।
১৩ই নভেম্বর রোজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিনাটোলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের সামনে এসে বক্তব্য দিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা লকডাউনের নামে সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ মুছার জ্যেষ্ঠ পুত্র যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
মিছিলে নেতারা বলেন- আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য লকডাউনের ডাক দিয়েছে। তাঁরা জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করতে চাইছে। বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো এই অগণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাঁরা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানান।